নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি এই সফরে রওনা হন। সৌদি আরব অবস্থানকালে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, রয়্যাল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের অংশ হিসেবে তিনি সৌদি আরবের বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। এছাড়া দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি। নৌবাহিনী প্রধানের এই সফর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।