দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, গণতন্ত্র কেবল একটি শাসনব্যবস্থা নয়, বরং এটি সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা, উৎসব পালন এবং নিজ নিজ আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করার মাধ্যম।
শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্প্রীতি নিশ্চিত করা ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং তা কার্যকরও হবে না।
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অতীতে ঘটে যাওয়া নির্যাতন-নিপীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা সংখ্যায় কম কিংবা জাতিগত ও ধর্মীয়ভাবে সংখ্যালঘু, তাদের ওপর বারবার হামলা হয়েছে। এসব ঘটনার সময় রাষ্ট্র বা সরকার অনেক ক্ষেত্রেই নীরব ভূমিকা পালন করেছে, যা অত্যন্ত দুঃখজনক।
নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানের পর থেকেই আমরা বিচারব্যবস্থাকে শক্তিশালী করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে মজবুত করার দাবি জানিয়ে আসছি। এই লক্ষ্য অর্জনে আমরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছি। সব ধরনের বিভেদ ভুলে দেশের গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।