বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন চাঁদপুরের কচুয়া উপজেলার দুই বন্ধু ফিরোজ আহমেদ (২৩) ও মাহী পাটোয়ারী (২৪)। একজন ইতালি এবং অন্যজনের কাতার যাওয়ার কথা ছিল। এই যাত্রার আগে নিজেদের মতো করে সময় কাটাতে গত বৃহস্পতিবার তাঁরা মোটরসাইকেল নিয়ে সাজেক ও কক্সবাজার ভ্রমণে বেরিয়েছিলেন। ভ্রমণ শেষে মঙ্গলবার সকালে কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দুজন।

নিহত মাহী পাটোয়ারী কচুয়ার রহিমানগর বাজারসংলগ্ন সাহারপাড় গ্রামের মিজানুর রহমান পাটোয়ারীর ছেলে এবং ফিরোজ আহমেদ একই গ্রামের মনির হোসেনের ছেলে। ছোটবেলা থেকেই তাঁরা একসঙ্গে বেড়ে উঠেছেন এবং সব সময় একে অপরের সঙ্গী ছিলেন। মাহীর বাবা মিজানুর রহমান পাটোয়ারী শোকাতুর কণ্ঠে জানান, ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া দুই বন্ধু শেষ পর্যন্ত মৃত্যুবরণও করলেন একসঙ্গে।

পরিবার সূত্রে জানা গেছে, চার ভাইবোনের মধ্যে সবার ছোট মাহীর দুই মাস পর ইতালি যাওয়ার কথা ছিল। অন্যদিকে, পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয় ফিরোজ আহমেদের আগামী ৩০ সেপ্টেম্বর কাতার যাওয়ার কথা ছিল। তাঁদের এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে দুই বন্ধুর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, ভ্রমণ শেষে মঙ্গলবার ভোরে কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে কচুয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা। পথিমধ্যেই সড়ক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।