রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ছিনতাইকারীর কবলে পড়ে মোসা. রনজিনা পারভীন নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় এসে গাবতলী বাস টার্মিনালে নামার পর রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি।
পথিমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিনা পারভীন। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং ছিনতাইকারীর মোটরসাইকেলটি খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।