ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেছেন, শহীদ ওসমান হাদির কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে এক অটল প্রত্যয়, সংগ্রামের ডাক এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রবল আকাঙ্ক্ষা। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সম্পাদিত শহীদ শরীফ ওসমান হাদির বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’-য় প্রকাশিত বাণীতে তিনি এই মন্তব্য করেন।

এস এম ফরহাদ তার বাণীতে উল্লেখ করেন, শহীদ ওসমান হাদির বক্তৃতায় বারবার অন্যায়, আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে। জুলাইয়ের সাংস্কৃতিক বয়ান নির্মাণের অঙ্গীকার করে তিনি বলেছিলেন, জীবন ধারণের পাশাপাশি লড়াই চালিয়ে গেলে আধিপত্যবাদী দিল্লির কবর রচনা করা সম্ভব হবে। শহীদ আবরারের হত্যার পর আবু সাঈদের রক্তের মধ্য দিয়ে যে প্রতিবাদের সুর দিল্লি পর্যন্ত পৌঁছেছিল, সেই লড়াইকে শহীদদের রক্তের পথ ধরে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি।

শহীদ ওসমান হাদি সব ছাত্র ও রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন বলে উল্লেখ করেন এস এম ফরহাদ। তার মতে, ছাত্র ও রাজনৈতিক সংগঠনগুলোর সম্মিলিত অবস্থানের মধ্য দিয়ে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধের পথ তৈরি হয়েছিল। এই ঐক্যবদ্ধ অবস্থানই ছিল তার সংগ্রামের মূল লক্ষ্য।

পরিশেষে এস এম ফরহাদ বলেন, এই বক্তৃতা সংকলনটি ওসমান হাদির চিন্তা ও সংগ্রামের এক অনন্য দলিল। তার কণ্ঠে উচ্চারিত কথাগুলো আজও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগায় এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষার অঙ্গীকারকে আরও দৃঢ় করে। এই সংকলনটি নতুন প্রজন্মের কাছে তার সংগ্রামের চেতনাকে পৌঁছে দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।