সিরাজগঞ্জে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকৃত মালিকদের হাতে ফোনগুলো তুলে দেওয়া হয়।

উদ্ধার হওয়া মোবাইলগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর দিক-নির্দেশনায় জেলা পুলিশের সাইবার ইউনিট ও থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে এসব ফোন উদ্ধার করা হয়। হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।