খুলনা মহানগর পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ আগস্ট) মহানগরীর নতুন রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।

পুলিশ জানায়, মিঠু খুলনা থেকে বেনাপোল সীমান্তের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নতুন রাস্তা এলাকায় ডিবির একটি দল তাকে পথিমধ্যে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া আরও জানান, মিঠুর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। বর্তমানে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।