কাতারে আটক দাবি করা তিন ইরানি পাইলটের বর্তমান অবস্থা ও তাদের অবস্থান নিশ্চিত করতে তেহরান সেখানে একটি প্রতিনিধি দল পাঠাতে চায়। এই লক্ষ্যে কাতারের কাছে প্রয়োজনীয় অনুমতি চেয়ে আবেদন করেছে ইরান। তবে দোহা কর্তৃপক্ষ শুরু থেকেই কোনো ইরানি পাইলটকে আটক রাখার বিষয়টি অস্বীকার করে আসছে।

কাতারের ভাষ্যমতে, গত মার্চ মাসে ইরানের কয়েকটি যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল। সেই সময় পাইলটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারকারী দল সেখানে একজনের মরদেহ খুঁজে পায়। কাতার দাবি করেছে, ওই পাইলটের মরদেহ হস্তান্তর এবং উদ্ধার অভিযানের তথ্য যাচাইয়ের জন্য তারা তেহরানকে আমন্ত্রণ জানালেও ইরান তখন কোনো সাড়া দেয়নি।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ কাতারের বিরুদ্ধে পাইলটদের ফেরত দেওয়ার ক্ষেত্রে বারবার বাধা সৃষ্টির অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, ইরানি বিমানবাহিনীর একটি বিশেষজ্ঞ দল কাতারে প্রবেশের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে (আইসিআরসি) আহ্বান জানিয়েছেন জেনারেল বাঘেরজাদেহ। এছাড়া তিনি দাবি করেছেন যে, কুয়েতও তাদের চার নাগরিকের বর্তমান অবস্থা সম্পর্কিত তথ্য গোপন করে রাখছে।