নির্বাচিত সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও তার উপদেষ্টা মাহদী আমিন। আজ সোমবার (১৭ আগস্ট) সরকারের দায়িত্ব গ্রহণের ‘১৮০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপির সঙ্গে জনগণের আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষার যে গভীর সম্পর্ক রয়েছে, তা গত ছয় মাসে স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে।
মাহদী আমিন স্মরণ করিয়ে দেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিশ্ব ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমুদ্র তৈরি হয়েছিল। একইভাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তার জানাজাতেও মানুষের ঢল নেমেছিল। তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় থেকে শুরু করে গত ছয় মাসের অজস্র জনসম্পৃক্ত কর্মসূচিতে প্রধানমন্ত্রী দেশজুড়ে যেখানেই গিয়েছেন, সেখানেই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। জনগণের এই অকুন্ঠ ভালোবাসা এবং আস্থাকে পুঁজি করেই বর্তমান সরকার দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আরও বলেন, সরকারের ছয় মাসের কার্যক্রমের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী দেড় দশকের রক্তক্ষয়ী সংগ্রাম, যেখানে গুম, খুন, হামলা, মামলা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো বিএনপির নেতৃত্বে রাজপথে ছিল, সেই সংগ্রামের ফসলই আজকের এই সরকার। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে মানুষ যে বাংলাদেশ চেয়েছিল, সরকার সেই আকাঙ্ক্ষা অনুযায়ী মানবাধিকার, বাক স্বাধীনতা এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ মানদণ্ড বজায় রেখেছে।
তিনি জোর দিয়ে বলেন, গত ছয় মাসে সরকার কোনো ধরনের রাজনৈতিক নিপীড়নের আশ্রয় নেয়নি। বাক স্বাধীনতার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিয়েছে, এমনকি অনেক ক্ষেত্রে সীমা লঙ্ঘন বা উসকানি দেওয়া হলেও সরকার ধৈর্য ধারণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রের আদর্শকে ধারণ করেই বর্তমান সরকার এগিয়ে চলেছে। সংসদীয় কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত, যেখানে সংসদ সদস্যরা যৌক্তিকভাবে একে অপরের সমালোচনা ও আলোচনা করছেন। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে, যার মধ্যে সন্ত্রাস বিরোধী সংশোধিত অধ্যাদেশ অন্যতম, যার মাধ্যমে ফ্যাসিবাদী রাজনৈতিক সংগঠনকে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
মাহদী আমিন আরও জানান, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে শিক্ষার্থীদের সংসদে সরাসরি উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এছাড়া জাতির বীরশ্রেষ্ঠ সন্তানদের নামে সংসদের গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদের সুমহান দর্শনকে ধারণ করে পাহাড়-সমতল, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে এক কাতারে নিয়ে এসে সরকার সকলের স্বাধীনতা, অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করছে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য এবং এই যাত্রায় জনগণের সমর্থনই সরকারের প্রধান পাথেয়।