কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে যমজ দুই ভাই জাহিদ হাসান ও কাইফ হোসাইন। তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের চরকাঠাঁলিয়া গ্রামের ব্যবসায়ী আবুল কালাম ও গৃহিণী নাছরিন আক্তারের দুই সন্তান তারা।
যমজ দুই ভাইয়ের এমন কৃতিত্বে গর্বিত তাদের বাবা মো. আবুল কালাম। তিনি বলেন, আমার দুই ছেলের একসঙ্গে জন্ম, বেড়ে ওঠা এবং এবার একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা। তারা দুজনই জিপিএ-৫ পাওয়ায় পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে তারা দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার লক্ষ্য নির্ধারণ করেছে এবং মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে চায় বলে জানিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, যমজ দুই ভাই সব বিষয়েই জিপিএ-৫ পেয়েছে। তাদের এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যানার হাতে ফটকে দাঁড়িয়ে আনন্দ উৎসব করেছে। জাহিদ ও কাইফ তাদের এই সাফল্যের কৃতিত্ব শিক্ষক ও বাবা-মায়ের অনুপ্রেরণাকেই দিচ্ছে। কঠোর পরিশ্রম ও নিয়মিত পড়াশোনার মাধ্যমেই তারা এই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানায় তারা।