রাজধানী ঢাকায় নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে শুধুমাত্র নারীরাই দায়িত্ব পালন করবেন।
আগামী মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসের উদ্বোধন করা হবে। রোববার (১৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআরটিসি এই তথ্য নিশ্চিত করেছে। উদ্বোধনের পর থেকে নির্ধারিত রুটে এই বাসগুলো চলাচল শুরু করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত থাকবেন এবং সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা। পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং তাদের জন্য নিরাপদ গণপরিবহন নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।