টাঙ্গাইলে নিখোঁজ হওয়ার একদিন পর এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিয়াদ আবদুল্লাহ আসিফ (১৮) টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকার বাসিন্দা এবং শহরের হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী ছিলেন।

পরিবারের তথ্য অনুযায়ী, শুক্রবার নিজের খামারের কিছু মুরগি বিক্রির উদ্দেশ্যে পাশের দেলদুয়ার উপজেলার পুটিয়াজানি বাজারে যান আসিফ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন এবং বাড়িতে ফেরেননি।

শনিবার সদর উপজেলার গাড়াইল আন্ডারপাস এলাকার একটি জলাশয়ের পাশে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা, আসিফকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ জলাশয়ের পাশে ফেলে রাখা হতে পারে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার আশরাফ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।