সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে যখন কেউ আনন্দে উদযাপন করছে, আবার কেউ প্রত্যাশিত ফল না পাওয়ায় হতাশায় ভুগছে—তখন অনুপ্রেরণার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠতে পারেন ভূরুঙ্গামারীর কৃতী সন্তান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. গোলজার হোসাইন।
২০০৩ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৪.২৫ অর্জন করেন। পরবর্তীতে ২০০৫ সালে এইচএসসি সম্পন্ন করে ২০০৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদে ভর্তি হন। ডিভিএম (DVM) ডিগ্রি অর্জনের পর একই বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে মাস্টার্স সম্পন্ন করেন তিনি।
মাস্টার্সে প্রথম স্থান অর্জনের পাশাপাশি ড. গোলজার হোসাইন লাভ করেন সম্মানজনক President’s Gold Medal। উচ্চতর গবেষণার লক্ষ্যে তিনি জাপানের Osaka University থেকে পিএইচডি এবং পরবর্তীতে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
শিক্ষকতা জীবনে ২০১২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করেন তিনি। এরপর ২০১৪ সালে সহকারী অধ্যাপক, ২০১৯ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
ভাইরোলজি ও মাইক্রোবায়োলজি বিষয়ে তাঁর রয়েছে উল্লেখযোগ্য গবেষণা অবদান। Viral pathophysiology, genomics, host-virus interaction, viral immunology এবং zoonotic diseases তাঁর গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ২০২৪ সালে Stanford University ও Elsevier-এর প্রকাশিত World’s Top 2% Scientists তালিকায়ও তাঁর নাম স্থান পেয়েছে বলে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস সূত্রে জানা যায়।
ড. গোলজার হোসাইনের জীবনের এই পথচলা বর্তমান এসএসসি ফলপ্রত্যাশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে—একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত পরিচয় নয়। লক্ষ্য নির্ধারণ, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং নিজেকে ধারাবাহিকভাবে উন্নত করার মানসিকতাই একজন মানুষের সাফল্যের ভিত্তি গড়ে দেয়।
শিক্ষাবিদদের মতে, এসএসসি জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি শেষ গন্তব্য নয়। আশানুরূপ ফলাফল না এলেও হতাশ হওয়ার কোনো কারণ নেই। নিজের সীমাবদ্ধতা চিহ্নিত করে নতুন উদ্যমে এগিয়ে গেলে সাফল্য একদিন ধরা দেবে।
তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা একটাই—পরিশ্রম কখনো বিফলে যায় না। আজ না হোক, আগামীকাল নিজের স্বপ্ন পূরণ সম্ভব, যদি লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়া যায়।