মালয়েশিয়ায় বিদেশী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে জাল নথি সরবরাহকারী একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান পেয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (JIM)। রাজধানী কুয়ালালামপুরে পরিচালিত বিশেষ অভিযানে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এই তথ্য নিশ্চিত করেছেন।
মহাপরিচালক জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে কুয়ালালামপুরের জালান জেলাওয়াত ও জালান রাজাক ম্যানশন এলাকায় দুটি আলাদা বাসভবনে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বয়স ১৯ থেকে ৪১ বছরের মধ্যে। এদের মধ্যে দুজনকে এই চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত করেছে ইমিগ্রেশন পুলিশ।
তদন্তে জানা গেছে, সিন্ডিকেটটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিকদের কাছে ১৫০ থেকে ২৫০ রিঙ্গিতের বিনিময়ে জাল পাসপোর্ট ও বিভিন্ন নথি সরবরাহ করত। অভিযানে বিভিন্ন দেশের জাল পাসপোর্ট, পাসপোর্ট কভার, ১১টি মোবাইল ফোন, নগদ ২১০০ রিঙ্গিত, স্বচ্ছ আঠালো কাগজ, কালি, কাগজ কাটার এবং একটি পেরোডুয়া আরুজ গাড়ি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেখা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন নির্মাণ খাতে অস্থায়ী কাজের ভিজিট পাস (PLKS) নিয়ে ছিলেন, একজন স্টুডেন্ট পাসে অবস্থান করছিলেন এবং অন্যজন সম্পূর্ণ অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১)(i) ধারায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
মহাপরিচালক জাকারিয়া শাবান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নথি জালিয়াতি বা আইনের ব্যত্যয়কারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার দৃঢ়ভাবে আইন প্রয়োগ অব্যাহত রাখবে।
ক্যাম্প অফিস: ১১/৫ কলাবাগান, ঢাকা, ১২০৫ ইমেইল: info@.com Phone: +88 01715 800 701
ববস্থাপনা সম্পাদক: মোস্তাফিজুর রহমান মোস্তফা মাল্টিমিডিয়া সম্পাদক: মোহাম্মদ সাগর