মালয়েশিয়া যেতে না পারা প্রবাসী কর্মীরা পুনরায় সড়কে নেমে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় তারা জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন। কর্মীদের এই অবস্থানের ফলে কাওরান বাজার ও পার্শ্ববর্তী এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হয়, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়েছে।

ভুক্তভোগী কর্মী সজিব জানান, বিদেশ যাওয়ার জন্য ৫ থেকে ৭ লাখ টাকা খরচ করলেও তারা মালয়েশিয়া যেতে পারেননি। ২০২৪ সালের মে মাসের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। এ সময় তিনি অভিযোগ করেন, ট্রেনিংয়ের নামে সরকারিভাবে সময়ক্ষেপণ করা হয়েছে এবং প্রতিটি ট্রেনিং বাবদ ২০-২৫ হাজার টাকা বাড়তি খরচ করতে হয়েছে। এখন ঋণের ভারে তারা পরিবার নিয়ে চরম কষ্টের মুখে পড়েছেন। তাদের দাবি, যেকোনো উপায়ে তাদের বিদেশে পাঠাতে হবে। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মী সজিব বলেন, ‘আমরা ৫-৭ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু বলেন, তারা এখন পুরোপুরি নিঃস্ব। সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে, ততক্ষণ রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বর্তমানে আন্দোলনকারীরা রাস্তার পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হানান।