বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাপের নেতৃত্বে আসা প্রতিনিধিদলটির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পেলে এই অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে। তিনি আরও জানান, সরকার দেশে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর এবং মার্কিন বিনিয়োগকারীদের জন্য এখানে বিভিন্ন সম্ভাবনাময় খাত রয়েছে।
আলোচনায় শিল্প, অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করে। অতুল কেশাপ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আগ্রহের কথা জানানো হয়। পরিশেষে, দুই পক্ষই দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে বাংলাদেশি ও মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সম্পৃক্ততা ও অংশীদারত্ব গভীর করার বিষয়ে একমত পোষণ করে।