বাংলাদেশ রেলওয়ের বহর আধুনিকায়নের অংশ হিসেবে ভারতের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) ১৯টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম রেক প্রস্তুত করেছে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (১২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই রেকটি রোল আউট করা হবে। এটি মূলত বাংলাদেশ রেলওয়ের দেওয়া ২০০টি ব্রডগেজ কোচ তৈরির অর্ডারের প্রথম চালান।
নতুন এই রেকে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কার রয়েছে। যাত্রীসেবার মানোন্নয়নে কোচগুলোতে রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্টের মতো আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে। এছাড়া এসি কোচগুলোতে সিসিটিভি নজরদারি, অ্যালার্ম সিস্টেম, নামাজের কক্ষ, শিশু পরিচর্যা কক্ষ এবং আংশিক খোলা যায় এমন জানালার ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশের বিশেষ পরিচালন পরিস্থিতি মাথায় রেখে কোচের ছাদ ও কাঠামোকে আরও শক্তিশালী করা হয়েছে।
নিরাপত্তার ক্ষেত্রে ইউরোপীয় মানদণ্ড ইএন ১৫২২৭ অনুসরণ করা হয়েছে, যা সংঘর্ষের সময় যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করবে। কারিগরি দিক থেকে বড় পরিবর্তন হিসেবে ভারতীয় রেলের প্রচলিত ৭৫০ ভোল্টের পরিবর্তে বাংলাদেশ রেলওয়ের চাহিদা অনুযায়ী ৪১৫ ভোল্টের বৈদ্যুতিক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। বডি শেলের নকশায় আনা এই পরিবর্তনগুলো দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য যে, বাংলাদেশ রেলওয়ের সঙ্গে আরসিএফ-এর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এর আগে ২০১৫-১৬ অর্থবছরে প্রতিষ্ঠানটি বাংলাদেশকে ১২০টি এলএইচবি কোচ সরবরাহ করেছিল। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালে সাত ধরনের ২০০টি কোচ তৈরির নতুন চুক্তি হয়, যার অংশ হিসেবেই এই ১৯টি কোচের প্রথম রেকটি বাংলাদেশে আসছে।
এতে ইউরোপীয় মানদণ্ড ইএন ১৫২২৭ অনুসরণ করে সংঘর্ষে তুলনামূলক বেশি নিরাপত্তা নিশ্চিত করার মতো নকশা রাখা হয়েছে।
এবারের ১৯ কোচের রেক সেই অর্ডারেরই প্রথম চালান।