হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান ও ওমানের মধ্যে একটি অস্থায়ী সমঝোতা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালান আইয়ার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, উভয় দেশ ৬০ দিনের জন্য একটি ‘ট্রাফিক সেপারেশন স্কিম’ বা জাহাজ চলাচল পৃথকীকরণ ব্যবস্থায় সম্মত হয়েছে। এই পরিকল্পনার আওতায় জাহাজগুলো ইরানের নিয়ন্ত্রিত জলসীমা দিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করবে।
তবে এই সমঝোতা বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান। আইয়ারের ভাষ্যমতে, এই পরিকল্পনা কার্যকর করার ক্ষেত্রে ওয়াশিংটনের এক ধরনের ‘ভেটো’ বা আপত্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সম্মতি ছাড়া ইরান ও ওমানের এই অস্থায়ী ব্যবস্থা কার্যকর হওয়া সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
এরই মধ্যে কাতার জানিয়েছে যে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যকার আলোচনা বর্তমানে বেশ অগ্রসর পর্যায়ে রয়েছে। এদিকে, চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তেহরানে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরির প্রেক্ষাপটেই পাকিস্তান এই কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।