রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক সুতা ও কাপড় প্রদর্শনী। ‘১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিকস অ্যান্ড অ্যাকসেসরিজ শো ২০২৬’ শীর্ষক এই আয়োজনের সঙ্গে একই সময়ে ‘বাংলাদেশ টেক্সকেম এক্সপো’ অনুষ্ঠিত হবে। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস আয়োজিত এই প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০টিরও বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এই আয়োজনের মাধ্যমে দেশের তৈরি পোশাক খাতের প্রস্তুতকারক, রপ্তানিকারক, বায়িং হাউস এবং ফেব্রিক প্রসেসরেরা বিদেশি সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। এর ফলে স্থানীয়ভাবে সুতা, ফেব্রিক, অ্যাকসেসরিজ ও টেক্সটাইল কেমিক্যাল সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ হবে।

প্রদর্শনীতে ওভেন ও নিট পোশাকের বিভিন্ন ধরনের সুতা, ব্লেন্ডেড সুতা, উল, স্যুট ফেব্রিক, প্রিন্টেড ফেব্রিক এবং স্পোর্টস ও হোম ফেব্রিক প্রদর্শন করা হবে। একই সঙ্গে পোশাকের নানাবিধ অ্যাকসেসরিজসহ এমব্রয়ডারি ও হট স্ট্যাম্পিংয়ের মতো আধুনিক প্রসেসিং প্রযুক্তিও থাকবে। এছাড়া প্রদর্শনীতে ভারতের কেমেক্সসিলের একটি বিশেষ প্যাভিলিয়ন স্থান পাচ্ছে।

প্রদর্শনী সম্পর্কে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘পোশাক খাতের প্রবৃদ্ধি ও মানোন্নয়নে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ফেব্রিক সোর্সিং অত্যন্ত জরুরি। দেশীয় রপ্তানিকারকদের হাতের নাগালে আন্তর্জাতিক সরবরাহকারীদের নিয়ে আসাই আমাদের প্রদর্শনীর মূল লক্ষ্য।’