মানবজীবনের চিরন্তন এক দার্শনিক ও তাত্ত্বিক প্রশ্ন হলো—মানুষ কি তার কর্মে সম্পূর্ণ স্বাধীন নাকি তকদির বা ভাগ্যের দ্বারা পূর্বনির্ধারিত? এই জটিল বিষয়টি যুগ যুগ ধরে মানবমনকে আলোড়িত করে আসছে। মানব ইতিহাসের শুরু থেকেই এই বিতর্ক চলে আসছে যে, জীবনের প্রতিটি ঘটনা যদি আগেই নির্ধারিত হয়ে থাকে, তবে ভালো বা মন্দ কাজের জন্য মানুষকে কেন জবাবদিহি করতে হবে? ইসলামি চিন্তাধারা এবং কোরআন-সুন্নাহর আলোকে এই বিষয়ের একটি সুষম ও তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে, যা মানুষের নৈতিক স্বাধীনতা এবং আল্লাহর সর্বব্যাপী জ্ঞানের মধ্যকার সম্পর্ককে স্পষ্ট করে তোলে।

ইসলামি দর্শনে তকদিরের বিষয়টি কোনোভাবেই হতাশার উৎস নয়। মুসলিম মনীষী ও মুফাসসিরদের মতে, মূল সংকটটি তৈরি হয় যখন মানুষ ভাগ্যের ধারণাকে নিজের দায়িত্ব এড়ানোর বা কর্মবিমুখতার অজুহাত হিসেবে দাঁড় করায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, “আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।” (সুরা জারিয়াত, আয়াত: ৫৬)। তবে এই আয়াতের অর্থ এই নয় যে, মানুষকে জোরপূর্বক কোনো বাধ্যবাধকতার বেড়াজালে আবদ্ধ করে রাখা হয়েছে। বিখ্যাত সাহাবি হজরত আলী (রা.) এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে, এর মূল উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া এবং সেদিকে আহ্বান জানানো। ফেরেশতাদের মতো মানুষকে সবসময় বাধ্যগত আনুগত্যশীল করে সৃষ্টি করা হয়নি, বরং একটি নির্দিষ্ট পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার জন্য তাকে ভালো ও মন্দের মধ্য থেকে বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

ইসলামি দর্শনে আল্লাহর ইচ্ছাকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো মহাবিশ্বের প্রাকৃতিক নিয়ম, যেখানে মানুষের নিজস্ব কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন—জন্ম, মৃত্যু, শারীরিক গঠন বা প্রাকৃতিক দুর্যোগ মানুষের ইচ্ছাধীন নয়। এগুলো পুরোপুরি আল্লাহর জাগতিক নিয়মের অধীন। পক্ষান্তরে, দ্বিতীয় দিকটি হলো জীবনযাপনের নৈতিক নিয়ম বা শরিয়ত। এই ক্ষেত্রে মানুষ পুরোপুরি স্বাধীন। সে নিজের বুদ্ধিমত্তা ও ইচ্ছাশক্তি প্রয়োগ করে সৎপথ বা অসৎপথ—যেকোনো একটি বেছে নিতে পারে। মানুষের এই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাই তাকে অন্যান্য সৃষ্টি থেকে শ্রেষ্ঠত্ব দান করেছে এবং তার কাজের জন্য তাকে পরকালে পুরস্কার বা শাস্তির মুখোমুখি হতে হয়।

অনেকের মনেই প্রশ্ন জাগে যে, আল্লাহ যদি আগে থেকেই মানুষের ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু জানেন, তবে মানুষের স্বাধীন ইচ্ছার মূল্য কোথায়? এর উত্তরে বিশিষ্ট ইসলামি স্কলার ও মুফাসসিরগণ স্পষ্ট করেছেন যে, কোনো কিছু ‘আগে থেকে জানা’ এবং কাউকে ‘সেই কাজ করতে বাধ্য করা’—দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আল্লাহর জ্ঞান হলো আলোর মতো, যা ভবিষ্যতের ঘটনাকে উন্মোচিত করে মাত্র, কিন্তু তা মানুষের ওপর কোনো প্রকার জোর-জবরদস্তি আরোপ করে না। আল্লামা ইবনে আশুর তাঁর তাফসিরগ্রন্থে উল্লেখ করেছেন যে, আল্লাহ মানুষের কর্ম সম্পর্কে পূর্বেই অবগত থাকেন এবং তা পরিবেষ্টন করে রাখেন, তবে এর মাধ্যমে মানুষকে কোনো নির্দিষ্ট কাজে বাধ্য করা হয় না।

ভাগ্যের দোহাই দিয়ে কর্মবিমুখ হয়ে বসে থাকার মানসিকতাকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কঠোরভাবে নিরুৎসাহিত করেছেন। একবার সাহাবিরা প্রশ্ন করেছিলেন, সবকিছু যদি নির্ধারিতই থাকে, তবে কি আমরা কাজ ছেড়ে দিয়ে তকদিরের ওপর ভরসা করে বসে থাকব না? এর জবাবে রাসুলুল্লাহ (সা.) স্পষ্ট ভাষায় ইরশাদ করেন, “না, বরং কাজ করে যাও; কারণ যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য সেই পথ সহজ করে দেওয়া হয়।” (সহিহ বুখারি)। ইমাম ফখরুদ্দিন আল-রাজি এবং ইবনে বাত্তালসহ প্রথিতযশা ইসলামিক পন্ডিতগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে, ‘পথ সহজ করে দেওয়া’ মানে মানুষকে জোর করে কোনো পথে চালিত করা নয়, বরং মানুষ যে পথ বেছে নেওয়ার আন্তরিক চেষ্টা করে, আল্লাহ তার জন্য সেই পথকেই সুগম করে দেন।

পরিশেষে বলা যায়, তকদির বা ভাগ্য মানুষের হাত-পা বেঁধে ফেলার কোনো শৃঙ্খল নয়। ইসলামি দৃষ্টিকোণে ভাগ্যে সঠিক বিশ্বাস মানুষকে সফলতার সময় অহংকার থেকে মুক্ত রাখে এবং ব্যর্থতার মুহূর্তে হতাশায় ভেঙে পড়া থেকে রক্ষা করে। মানুষ তার প্রচেষ্টা ও নৈতিক দায়িত্ব পালনে স্বাধীন, আর তার চূড়ান্ত পরিণাম নির্ধারিত হয় সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর প্রজ্ঞার ওপর। এই সুষম বিশ্বাসের মধ্য দিয়েই একজন মুমিন তার ইহকালীন কর্মতৎপরতা ও পরকালীন মুক্তির পথ খুঁজে নেয়।