রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আজ শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে উপস্থিত রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি-বলেন তিনি।