নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ জোগান দেওয়ার অভিযোগে যুবলীগ নেতা হিসেবে পরিচিত ‘কাইল্লা তছলিম’কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তছলিম সাবেক সংসদ সদস্য কামাল আহম্মেদ মজুমদারের ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পল্লবী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।
রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের উসকানি দিয়ে সহিংসতা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা তছলিম চৌধুরী ওরফে ‘কাইল্যা তছলিম’কে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
পুলিশ ও গোয়েন্দা সূত্রের দাবি, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় অর্থের বিনিময়ে শ্রমিকদের মাঠে নামিয়ে হামলা, ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সঙ্গে তছলিম ও তার শ্যালক জড়িত। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
তছলিম চৌধুরী যুবলীগ নেতা নিখিলের অনুসারী এবং মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ক্যাশিয়ার হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি কামাল মজুমদারের আর্থিক কর্মকাণ্ড দেখভালের দায়িত্বে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বর্তমানে কামাল মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদার কারাগারে রয়েছেন।
গোয়েন্দা সূত্রের দাবি, কারাগারে থাকা কামাল মজুমদার ও তার ছেলের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন তছলিম। সেখান থেকে বিভিন্ন নির্দেশনা নিয়ে বাইরে এসে তা বাস্তবায়নের চেষ্টা করতেন তিনি। সর্বশেষ গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে সাক্ষাৎ করে নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত নির্দেশনা নিয়ে আসেন বলে পুলিশের দাবি। এরপর মিরপুরে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিলেন তিনি।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন প্রচারকে কেন্দ্র করে মিরপুরের সাবেক সংসদ সদস্য ও তাঁদের সহযোগীরা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ তৎপরতার অন্যতম হোতা হিসেবে তছলিম চৌধুরীর নাম উঠে এসেছে।
ওসি আরও জানান, মিরপুরে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।