পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, প্রকৃত শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি বর্তমান সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ‘ইউএন গ্লোবাল ডে সেলিব্রেশনস’ অনুষ্ঠান শেষে তিনি বলেন, সরকার শ্রমিকদের দাবি পূরণে প্রস্তুত এবং এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রকৃত শ্রমিকদের কোনো সমস্যা নেই, তবে আন্দোলনের আড়ালে যে সহিংসতা চলছে তা দেশের অর্থনীতি ধ্বংসের একটি গভীর ষড়যন্ত্র।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। পরিস্থিতি ধৈর্যসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। অরাজকতা সৃষ্টির একটি নির্দিষ্ট সীমা থাকে, যা সরকার গুরুত্বসহকারে দেখছে। এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিগত ১৭ বছর যেভাবে দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, সেই পাঁয়তারা আর সফল হতে দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষকে পুঁজি করে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। যখন বিদেশি বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীরা দেশের শিল্প খাতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে, ঠিক তখনই দেশকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।