ইরানের কেশম দ্বীপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান।

নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম অস্ত্র ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তার ভাষ্যমতে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে। এই ঘটনাকে তারা আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।

ইরানি প্রাদেশিক কর্মকর্তা আহমদ নাফিসি দাবি করেছেন, এই হামলায় কোনো আবাসিক এলাকা, বাণিজ্যিক স্থাপনা কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয়নি। তবে আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কেশম দ্বীপের নারিমান এলাকায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপককে লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। যদিও সামরিক স্থাপনাগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।

এর আগে মঙ্গলবার ইরানের রেভল্যুশনারি গার্ড দাবি করেছিল যে, তাদের আকাশসীমা লঙ্ঘনের প্রতিক্রিয়ায় বাহরাইনের ঈসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডারব্যবস্থায় তারা ড্রোন হামলা চালিয়েছে। তবে মার্কিন সেন্টকম এই দাবি নাকচ করে দিয়ে জানিয়েছে, ইরানের ছোড়া একমুখী ড্রোনগুলো তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এতে মার্কিন কোনো সেনাসদস্য আহত হননি বা সামরিক সরঞ্জামের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর কয়েক ঘণ্টা আগে বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছিল ইরান।

অন্যদিকে, পৃথক এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি লুকাস ড্রোন ভূপাতিত করেছে তারা। দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হলেও, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। পাল্টাপাল্টি হামলার এই ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতা ও সংঘাত প্রশমনের চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে।