সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ঐতিহ্যবাহী ক্লক টাওয়ারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন দুটি স্বীকৃতির নাম লিখিয়েছে। ভবনের অভ্যন্তরে সবচেয়ে উঁচুতে অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে স্থাপনাটিকে এই মর্যাদা দেওয়া হয়েছে। নতুন দুটি রেকর্ড অর্জনের মধ্য দিয়ে বর্তমানে ক্লক টাওয়ারের মোট গিনেস রেকর্ডের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে। সম্প্রতি মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন টাওয়ারটির পক্ষে আনুষ্ঠানিকভাবে এই সনদগুলো গ্রহণ করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জাদুঘরটির উচ্চতা নির্ধারণের সময় ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে কাছের মিলিমিটার পর্যন্ত পরিমাপ করেছে।
গিনেস কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ক্লক টাওয়ারের জাদুঘরটি মাটি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় স্থাপিত।
অন্যদিকে, ভবনটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকটি রয়েছে ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায়। এই উচ্চতা থেকে পবিত্র মসজিদুল হারাম এবং মক্কা নগরীর বিস্তৃত ও নান্দনিক দৃশ্য উপভোগ করা যায়। ২০১৯ সালের মে মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা এই জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় পরিমাপের বিবর্তন, মক্কার ইতিহাস এবং ক্লক টাওয়ারের প্রকৌশলগত নানা দিক বিশদভাবে তুলে ধরা হয়েছে। ভবনটির ওপরের চারটি তলা জুড়ে থাকা এই সংগ্রহশালায় দর্শনার্থীরা জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন প্রাচীন ও আধুনিক যন্ত্র সম্পর্কেও ধারণা পেয়ে থাকেন। এর উচ্চতার কারণে দর্শনার্থীরা মক্কার স্থাপত্য এবং নগরজীবনের এক ব্যতিক্রমী চিত্র দেখতে পান।
সুউচ্চ এই স্থাপনাটির নির্মাণকাজ সম্পন্ন হয় ২০১২ সালে। এটি পবিত্র মসজিদুল হারামের সংলগ্ন আবরাজ আল-বাইত কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সৌদি বিনলাদিন গ্রুপ নির্মাণ করেছে। ঘড়ির চূড়াসহ ভবনটির মোট উচ্চতা ৬০১ মিটার। এই টাওয়ারের চারদিকে থাকা চারটি বিশাল ঘড়ির ডায়ালের ব্যাস ৪৩ মিটার, যা লন্ডনের বিখ্যাত এলিজাবেথ টাওয়ারের তুলনায় প্রায় ছয় গুণ বড়। ঘড়ির এই বিশালত্বের জন্য ২০১১ সালের ২৮ নভেম্বর প্রথমবার গিনেস রেকর্ডে নাম তুলেছিল ক্লক টাওয়ার। সৌদি বিনলাদিন গ্রুপ এই কমপ্লেক্স নির্মাণের দায়িত্ব পালন করে। টাওয়ারের ঘড়ির ওপরে থাকা ৭১ মিটার উঁচু চূড়াসহ ভবনটির মোট উচ্চতা ৬০১ মিটার।
এর আগে বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ঘড়ির ডায়ালের রেকর্ড আগেই এই স্থাপনার দখলে ছিল। নতুন দুটি স্বীকৃতির মাধ্যমে মক্কার এই ক্লক টাওয়ার স্থাপত্যশৈলী ও উচ্চতার দিক থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সংজ্ঞা অনুযায়ী, জাদুঘর বলতে এমন স্থানকে বোঝায় যেখানে জনশিক্ষার লক্ষ্যে বিভিন্ন বস্তু ও সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করা হয়।
রয়্যাল কমিশনের মতে, এই অর্জনগুলো মক্কার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন ও বিশ্বজুড়ে পরিচিতি বাড়ানোর প্রক্রিয়ার অংশ। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি হজ ও ওমরাহ পালনকারী এবং সারা বিশ্ব থেকে আসা দর্শনার্থীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে। মক্কার ঐতিহাসিক ও স্থাপত্যগত ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তির সাথে সমন্বয় করে পর্যটন অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার লক্ষ্যেই এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।