বিভিন্ন দাবিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা আগামী বৃহস্পতিবারের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, দলটি বড় ধরনের নাশকতার নীল-নকশা তৈরি করেছে। এরই মধ্যে দেশের অন্তত ২১টি জেলায় বিভিন্ন নাশকতামূলক ঘটনা ঘটেছে। মূলত পলাতক শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুকে কেন্দ্র করে দলের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং বাস-ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনায় ইতিমধ্যে তাদের সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে। এছাড়া দলটির নেতাদের অগ্নিসংযোগের নির্দেশনা প্রদানের অডিও রেকর্ডও গোয়েন্দাদের হাতে এসেছে।
তদন্তকারী সূত্রগুলো বলছে, দেশের বাইরে অবস্থানরত দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় গ্রুপ খুলে নিয়মিত সমন্বয় করছেন। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় থাকা নেতাকর্মীদের একটি বড় অংশ সম্প্রতি ভারতের কলকাতায় একত্রিত হয়েছেন। তাদের সরাসরি ইন্ধনেই বাংলাদেশে নাশকতার ঘটনা ঘটছে। গত কয়েক মাসে কলকাতা থেকে বেশ কিছু নেতাকর্মী গোপনে দেশে প্রবেশ করেছে বলে অভিযোগ রয়েছে। তারা কলকাতায় বসে ডিসেম্বরের জন্য নতুন নাশকতার পরিকল্পনা করছে এবং গোপালগঞ্জসহ যেসব এলাকায় ইতিমধ্যে নাশকতা হয়েছে, তা কেন্দ্রীয় সিদ্ধান্তেই সম্পন্ন হয়েছে।
গোয়েন্দাদের মতে, এবার সীমান্তবর্তী জেলাগুলোতে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা করা হচ্ছে। আগামী ১৯ নভেম্বর ঘোষিত সর্বাত্মক লকডাউন ঘিরে সরকারি কার্যালয়, রাজনৈতিক স্থাপনা ও বাড়িঘরে হামলা চালানো হতে পারে। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা নাশকতা ঘটাতে চায়। চোরাই পথে সীমানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক আনারও তথ্য রয়েছে। এর প্রমাণ হিসেবে গত শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার নুনছড়া সীমান্ত এলাকা থেকে বিজিবির উদ্ধার করা ৪৮টি হাই পাওয়ার জেল, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজকে বড় প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এসব ঘটনার প্রেক্ষিতে পুলিশ সদরদপ্তর থেকে সারা দেশের পুলিশ সুপারদের (এসপি) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, সোমবার রাত ১টা ৩ মিনিটে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তুরাগ থানা পুলিশ জানিয়েছে, মুখে মাস্ক পরা দুই ব্যক্তি ফটকে আগুন দেয়, তবে লোহার কাঠামো হওয়ায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।