খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে স্থানীয় প্রান্তিক খামারিদের সক্ষমতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বাটনাতলী আর্মি ক্যাম্পে আয়োজিত এই কর্মসূচিতে দুর্গম পাহাড়ি অঞ্চলের বিভিন্ন গ্রামের খামারিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী নেহাত ফয়সল। এসময় উপস্থিত ছিলেন বাটনাতলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আফিফ আবিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত কুমার সেনসহ স্থানীয় হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রশিক্ষণে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালনের আধুনিক ও সঠিক পদ্ধতি, বিভিন্ন রোগ শনাক্তকরণ, প্রতিকার, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত কুমার সেন খামারিদের পশুপাখির সাধারণ রোগের লক্ষণ ও সময়মতো টিকা প্রদানের গুরুত্ব নিয়ে বিস্তারিত পরামর্শ দেন। অনেক খামারি তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার সমস্যার কথা জানালে বিশেষজ্ঞের পক্ষ থেকে সেগুলোর সমাধান দেওয়া হয়। অংশগ্রহণকারী এক খামারি জানান, আগে গরু অসুস্থ হলে তারা করণীয় বুঝতেন না এবং অনেক সময় কবিরাজের শরণাপন্ন হতে হতো। এখন সঠিক পরিচর্যা ও নিয়মিত টিকা দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে তারা সচেতন হয়েছেন।

তৃণমূল পর্যায়ে চিকিৎসা ও সহায়তার সুযোগ কম থাকায় এই উদ্যোগ স্থানীয়দের জন্য বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশিক্ষণ শেষে খামারিদের মাঝে বিনামূল্যে পশুপাখির প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। স্থানীয় এক হেডম্যানের ভাষ্যমতে, সেনাবাহিনী সবসময় পাশে থাকলে পাহাড়ের মানুষ সাহস পায়; গবাদিপশু সুস্থ থাকলে খামারি পরিবারগুলোর আর্থিক অবস্থারও উন্নতি ঘটে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সিন্দুকছড়ি সেনা জোন নিয়মিত বিনামূল্যে চিকিৎসা, চক্ষু ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি এবার প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে এই বিশেষ কর্মসূচি পরিচালনা করেছে।