গোপালগঞ্জে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনায় যাদের ছবি ও ভিডিওতে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা আরও বলেন, সোমবার থেকেই সেখানে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। সহিংসতায় জড়িতরা বিচারের সম্মুখীন হবে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের সাধারণ কর্মসূচিও আইনত বৈধ নয়। সরকার এ ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি মেনে নেবে না। আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তবে এ ধরনের ঘোষণায় বড় কোনো সমস্যার আশঙ্কা নেই। আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “এ ধরনের কর্মসূচি ঘোষণার কারণে সারা দেশে সাধারণত বড় ধরনের সমস্যা হয় না।

পুলিশের বল প্রয়োগের অধিকার নিয়ে জাহেদ উর রহমান বলেন, পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যতটুকু প্রয়োজন, তার বেশি বল প্রয়োগ করা যাবে না। অতীতের অতিরিক্ত বল প্রয়োগের সমালোচনা মাথায় রেখে সরকার সে ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না। গোপালগঞ্জে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে কর্মকর্তাদের বদলি বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, কোনো স্থানে ব্যর্থতা দেখলে দক্ষ ও আন্তরিক কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়, এটি শুধুমাত্র ইচ্ছাকৃত ব্যর্থতার শাস্তি নয়। তবে সেই বল প্রয়োগ হতে হবে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেন, সরকারি দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রভাব বিস্তারের বিষয়টি অত্যন্ত উদ্বেগের। সরকার এ বিষয়ে নিজস্ব নজরদারি পরিচালনা করছে। ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।