রোহিঙ্গা শরণার্থীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর অতীতে যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তার দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানান তিনি।
সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত ১৬তম আসিয়ান-জাতিসংঘ শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে গুতেরেস এই মন্তব্য করেন। তিনি বলেন, প্রায় এক দশক পেরিয়ে গেলেও জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা এখনো ন্যায়বিচার পাওয়ার অপেক্ষায় এবং নিজেদের দেশে ফেরার মতো অনুকূল পরিবেশ পাননি। প্রত্যাবাসন প্রক্রিয়া অবশ্যই স্বেচ্ছামূলক হতে হবে এবং প্রতিটি পর্যায়ে নিরাপত্তা ও মর্যাদা বজায় রাখতে হবে। এই শর্তগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত নিপীড়িত এসব মানুষের সুরক্ষা নিশ্চিত করা সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর নৈতিক দায়িত্ব।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা প্রাণভয়ে বাংলাদেশে আশ্রয় নেন। তাদের একটি বড় অংশ এখনো কক্সবাজারের বিভিন্ন শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। এ প্রসঙ্গে গুতেরেস মিয়ানমারের বর্তমান শোচনীয় মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া বাংলাদেশে আগে থেকেই আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে শরণার্থী জনগোষ্ঠীর সংখ্যা আরও বড় হয়েছে।
সংকট সমাধানের লক্ষ্যে আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে জাতিসংঘের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি জানান। তিনি মিয়ানমার কর্তৃপক্ষকে অবিলম্বে ও নিঃশর্তভাবে সব বন্দিকে মুক্তি দেওয়ার এবং দেশজুড়ে সহিংসতা বন্ধ করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক উত্তরণের পথ প্রশস্ত করার তাগিদ দেন। গুতেরেসের ভাষ্য অনুযায়ী, মিয়ানমারের সাধারণ মানুষের স্বাধীনভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের অধিকার চর্চার সুযোগ থাকা জরুরি।
সম্মেলনে বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক চাপের বিষয়গুলোও আলোচনায় আসে। গাজা, ইয়েমেন, ইউক্রেন ও সুদানের সংঘাতের উদাহরণ টেনে তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বহুমুখী সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বর্তমান বিশ্বের উদীয়মান অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তির যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের দাবি জানিয়েছেন। (সূত্র: প্রেস টিভি ও আনাদোলু এজেন্সি)