ব্যবসা-বাণিজ্য শুরু ও পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান দীর্ঘসূত্রতা কাটিয়ে ওঠার জন্য বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে একজন ব্যবসায়ীকে ৫০ থেকে ৫৫ দিন বা তারও বেশি সময় অপেক্ষা করতে হয়। সরকারি এই সেবাপ্রাপ্তির প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে সময়সীমা কমিয়ে সর্বোচ্চ ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বাধীন আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। বৈঠকে মন্ত্রী জানান, ব্যবসায়িক কার্যক্রমকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ওয়ান-স্টপ সার্ভিস কার্যকর করার প্রক্রিয়া চলছে। মূলত ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং ‘ইনভেস্ট বাংলাদেশ’ পোর্টালের মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ সামনে রেখে আগামী তিন বছরের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের কথাও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রপ্তানি খাত মূলত তৈরি পোশাকের ওপর নির্ভরশীল। এই নির্ভরতা কমিয়ে চামড়া, জুতা, জাহাজ নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং এবং স্বর্ণালঙ্কারসহ নতুন উদীয়মান শিল্প খাতের বিকাশে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
চামড়া শিল্পের প্রসারে সাভারের চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান নিশ্চিত করা এবং নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি, স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে আগামী কয়েক বছরের মধ্যে একে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার লক্ষ্যও রয়েছে সরকারের।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তির আলোচনাও এগিয়ে নেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং ইউরোপীয় ইউনিয়ন, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চলছে। এছাড়া রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যুক্ত হওয়ার বিষয়েও নীতিগত অনুমোদন পাওয়া গেছে।
বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাথে আলোচনায় উন্নয়ন প্রকল্পের সমন্বয়হীনতা দূর করা এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তর করার বিষয়েও আলোকপাত করা হয়। বাণিজ্যমন্ত্রী জানান, এসব সংস্কার বাস্তবায়িত হলে ব্যবসায়ীদের সময় ও ব্যয় সাশ্রয় হবে, যা বিনিয়োগের পরিবেশকে আরও আকর্ষণীয় করবে।
বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন এবং চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের উন্নয়নে কারিগরি সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা (আইএফসি) যৌথভাবে কাজ করতে আগ্রহী।
বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি থেকে উত্তরণের পরবর্তী তিন থেকে চার বছর বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা অপসারণ এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হতে পারলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এছাড়া বিভিন্ন দেশের সাথে এফটিএ আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির দক্ষতা বাড়াতেও তারা প্রশিক্ষণ সহায়তা দেবে।
বৈঠকে বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামো সংস্কারের ওপর জোর দেন। তিনি মনে করেন, ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্য ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন করলে রপ্তানি প্রতিযোগিতায় বাংলাদেশ আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ উল্লাহ ও খাদিজা নাজনীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।