রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত নতুন মোড় নিয়েছে। সোমবার রাশিয়ার হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর ও দক্ষিণ দিকের দুটি প্রধান সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, এই হামলায় শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর কিছু অংশে বিদ্যুৎ ও গরম পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলার কয়েকদিন আগেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। এ সময় তিনি উদ্বেগ প্রকাশ করে জানান যে, উত্তর কোরিয়া প্রতি মাসে রাশিয়াকে ডজন ডজন ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, যা পুরো ইউক্রেন ও পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি।
কিয়েভে হামলার পাল্টাজবাব হিসেবে ইউক্রেনীয় বাহিনী টানা দ্বিতীয় দিনের মতো রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রুশ ভূখণ্ডের সংযোগকারী কার্চ সেতু লক্ষ্য করে হামলা চালিয়েছে। ক্রিমিয়ার মস্কো-নিয়োজিত গভর্নর সের্গেই আকসোনভ জানিয়েছেন, ড্রোন হামলার কারণে সেতুটিতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, কার্চ সেতুটি তাদের সামরিক বাহিনীর জন্য একটি বৈধ লক্ষ্যবস্তু।
যুদ্ধের সমাপ্তি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশারের পাশাপাশি ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেন অনলাইন বৈঠক করেছে। বার্লিনে পরবর্তী আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণের আশা প্রকাশ করলেও, ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ স্পষ্ট করেছেন যে, শান্তি আলোচনায় ইউরোপীয়দের উপস্থিতি নিয়ে রাশিয়া এখনো কোনো সম্মতি দেয়নি। এর মধ্যেই আর্থিক সহায়তার প্রশ্নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, ইউক্রেনের জন্য ১ দশমিক ৬ বিলিয়ন ডলার বা প্রায় ১৯ হাজার ৮৩৭ কোটি টাকার তহবিল ছাড়ের বিষয়ে চুক্তির আলোচনা বেশ এগিয়েছে।