ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পর্তুগাল প্রবাসী এমলি খান সবুজের সঙ্গে ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের ভিসা সংক্রান্ত বিষয়ে গত এক বছর ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে রোববার রাতে শাহজাহান সিরাজের ছেলে সাখাওয়াত হোসেন শুভর নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল প্রবাসীর বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে আলমারি ভেঙে ১৬ ভরি স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে জানানো হয়েছে। এ সময় তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে হামলাকারী দলের তিন সদস্য সাখাওয়াত হোসেন শুভ, পুলক ও ইকবাল হোসেনকে আটক করে। পরে শাহজাহান সিরাজের নেতৃত্বে শতাধিক লোক ঘটনাস্থলে পৌঁছে তাদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর বৃদ্ধা মা হাসিনা বেগম, ভাই ইকবাল হোসেন, নবাবপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান বাহাদুর এবং স্থানীয় বাসিন্দা তানভীর আহমেদ আহত হয়েছেন। একপর্যায়ে তারা ওই প্রবাসীর ঘরে থাকা সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

সোমবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছিল। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানিয়েছেন, খবর পাওয়ার আগেই স্থানীয়রা আটক ব্যক্তিদের নিয়ে গেছেন। অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা শাহজাহান সিরাজ। তিনি দাবি করেন, তার দুই ছেলেকে পর্তুগাল পাঠানোর কথা বলে প্রবাসী এমলি খান সবুজ এক বছর আগে ২০ লাখ টাকা নিয়েছিলেন। সেই টাকা ফেরত চাইতে গিয়ে তার ছেলে ও সহযোগীরা হামলার শিকার হন এবং পিতা হিসেবে তিনি নিজের ছেলেদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন। খবর পেয়ে পিতা হিসেবে আমি আমার দুই ছেলেকে ছাড়িয়ে এনেছি।