ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলার দাবি করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের সিরিক এলাকায় নিজেদের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এই হামলার মাধ্যমে তারা আগ্রাসী শত্রুদের আকাশপথে উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পাচারের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন বা লঙ্ঘনের পুনরাবৃত্তি ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।