১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ভারত-বাংলাদেশ গঙ্গা পানিবণ্টন চুক্তির ৩০ বছর পূর্ণ হতে চলেছে আগামী ১২ ডিসেম্বর। বর্তমান চুক্তিটি শেষ হওয়ার পথে থাকলেও এটি নবায়নের ক্ষেত্রে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বিভিন্ন সরকারি সূত্রের তথ্যমতে, ভারত সরকার এই চুক্তি নতুন করে নবায়ন করার পরিকল্পনা করছে না। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত পুরনো চুক্তির শর্ত মেনেই পানি সরবরাহ প্রক্রিয়া অব্যাহত থাকবে। অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও বাংলাদেশ আগের মতোই সমপরিমাণ পানি পেতে থাকবে। চুক্তি অনুযায়ী, ৩০ বছর পর পারস্পরিক সম্মতির ভিত্তিতে এটি নবায়ন করার কথা ছিল।

ফারাক্কা ব্যারাজকেন্দ্রিক এই চুক্তির আওতায় বর্তমানে প্রতি বছর ১১ মার্চ থেকে ১১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে দুই দেশ পর্যায়ক্রমে ১০ দিন করে ৩৫,০০০ কিউসেক পানি পায়। তবে ভারত এখন তাদের উন্নয়নমূলক প্রকল্প ও পানির ক্রমবর্ধমান চাহিদার কারণে চুক্তির শর্তাবলিতে পরিবর্তন আনার পক্ষে। বিশেষ করে কলকাতা বন্দরের সচল রাখা, এনটিপিসির বিদ্যুৎ কেন্দ্রের চাহিদা পূরণ এবং সুন্দরবন অঞ্চলে লবণাক্ততা মোকাবিলায় ভারতের আরও পানির প্রয়োজন। গত মাসে ভারতের কেন্দ্রীয় পানি কমিশন এ সংক্রান্ত বিস্তারিত কারিগরি বিবরণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জমা দিয়েছে। সূত্র জানিয়েছে, ভারতের উন্নয়নমূলক উদ্যোগগুলোর প্রয়োজনে আরও বেশি পানি পাওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার চুক্তির শর্তাবলি নিয়ে পুনরায় আলোচনা করতে চায়। কলকাতা বন্দরে উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য ভারতের ৪০,০০০ কিউসেক পানির প্রয়োজন। এছাড়া সুন্দরবন বদ্বীপ অঞ্চল এবং এর সংলগ্ন কৃষিজমিতে লবণাক্ত পানির প্রবেশ রোধ করার জন্যও এই পানি দরকার।”।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তাদের কাছে চুক্তির কারিগরি উপস্থাপনা চাওয়া হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল শুষ্ক মৌসুমে ভারতের বাড়তি পানির নিশ্চয়তা। এই আলোচনার সময় পশ্চিমবঙ্গ ও বিহার সরকারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং তারা চুক্তির কারণে নিজ নিজ রাজ্যের স্বার্থহানির অভিযোগ তোলেন। ওই কর্মকর্তা আরও বলেন, কলকাতা বন্দর থেকে পলি অপসারণ ও কৃষিজমি রক্ষার জন্য শুষ্ক মৌসুমে আরও অন্তত ৫,০০০ কিউসেক অতিরিক্ত পানি পাওয়া প্রয়োজন।

বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান রাজনৈতিক টানাপোড়েনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মন্তব্য করেন, সদিচ্ছা নিয়ে কোনো চুক্তি স্বাক্ষরিত হলে সেই বিশ্বাসের মর্যাদা রক্ষায় ভাটির দেশের উচিত উজানের দেশের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। এর আগে ভারত সরকার তিস্তা ব্যারাজ প্রকল্পের ভবিষ্যৎ পর্যালোচনার জন্য একটি প্যানেল গঠন করেছে, যা তিস্তা ইস্যুতে বাংলাদেশের পরিকল্পনায় চীনের সম্পৃক্ততার প্রেক্ষিতে নেওয়া হয়েছে বলে ধারণা করা হয়। ভারত থেকে বাংলাদেশে আসা ৫৪টি আন্তঃসীমান্ত নদীর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একাধিক চুক্তির প্রয়োজনীয়তা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।