ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিসহ বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে ১৩৪টি সামুদ্রিক হামলার ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, এসব ঘটনায় এ পর্যন্ত ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন সংস্থার সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। ১১ নভেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্যে দেখা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে অক্টোবর মাসে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা সবচেয়ে বেশি ছিল। এতে গত ১১ নভেম্বর পর্যন্ত সংঘটিত বিভিন্ন সামুদ্রিক ঘটনার পরিসংখ্যান উল্লেখ করা হয়।

নিরাপত্তা পরিষদে খিয়ারি সতর্ক করে বলেন, বিদ্যমান পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক হিসেবে গ্রহণ করা যায় না। তিনি অবিলম্বে বাণিজ্যিক জাহাজে সব ধরণের হামলা বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক জলপথে নিরাপদ নৌচলাচল পুনরুদ্ধারের জোর দাবি জানান। বর্তমানে এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ, পরিবহন এবং নৌবীমা ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলেছে। একই সঙ্গে বৈশ্বিক খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

একই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে প্রায় ১ হাজার ৬০০টি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৩ হাজারের বেশি নাবিক বর্তমানে জাহাজে আটকা পড়ে আছেন। এছাড়া ইরানের বিরুদ্ধে সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো লক্ষ্য করে হামলার অভিযোগও তুলেছেন বাহরাইনের প্রতিনিধি। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সংঘাতের আগের তুলনায় এই পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।