গোপালগঞ্জে লগি-বৈঠা, রামদা ও চাইনিজ কুড়ালের মতো দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একদল নেতাকর্মী। রোববার বেলা ১১টা থেকে শুরু হয়ে প্রায় পৌনে দুইটা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এই মিছিল চলে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করেন তারা। এছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুরের শিকার হয়েছে।
সকাল থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত কর্মী ও সমর্থক গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হতে থাকেন। তাদের অনেকের মাথায় হেলমেট দেখা গেছে। মিছিল চলাকালে তারা পুলিশের সাঁজোয়া যানের ওপরে উঠে স্লোগান দেন এবং একপর্যায়ে এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাঁচ ভেঙে ফেলেন। এপিসির গায়ে লাল রঙে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দিতেও দেখা যায়। এছাড়া মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার ঝুলিয়ে দিয়েছেন।