তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান ভাই’ বা ‘ইউ আর মাই ভ্যালুয়েড ব্রাদার’ বলে সম্বোধন করেছেন। তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে আয়োজিত দ্বিপক্ষীয় বৈঠকে এই উষ্ণ বার্তা দেন তিনি। বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব তথ্য জানান। তিনি বলেন, এরদোগান শুধু বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা হিসেবেই নয়, বরং ব্যক্তিগত পর্যায়েও তারেক রহমানকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই মূল্যায়ন করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, দেশটির সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের প্রয়োজনে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে তুরস্কে বাংলাদেশের জন্য কোন কোন খাতে সহযোগিতা প্রয়োজন, তা জানানোর আহ্বান জানিয়েছেন। দুই দেশের মধ্যকার বর্তমান সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে হুমায়ুন কবির জানান, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক একটি বিস্তৃত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক এই সম্মেলনের ব্যস্ত সূচির মধ্যেও এরদোগান হাতে গোনা কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছিলেন, যার মধ্যে প্রথম দিনেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের মধ্যে প্রতিরক্ষা খাতের সহযোগিতা প্রাধান্য পেয়েছে। প্রতিমন্ত্রী জানান, দুই দেশের যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প পার্ক প্রতিষ্ঠা, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং এই খাতে পারস্পরিক বিনিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরবর্তী পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গা ইস্যুতে আরও জোরালো ভূমিকা রাখার বিষয়ে দুই নেতা ঐকমত্যে পৌঁছেছেন। এছাড়া রোহিঙ্গা সংকটের অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক পর্যায়ে একটি সমন্বিত ও শক্তিশালী অবস্থান তৈরির ব্যাপারেও ইতিবাচক আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে এই গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুসংহত ও শক্তিশালী হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।