কাতারের রাজধানী দোহায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত ১৩ নভেম্বর শুক্রবার দোহায় একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপনের পাশাপাশি কাতার বন্ধুসভার নিজস্ব সাংগঠনিক ওয়েবসাইট bondhushavaqatar.com আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
সন্ধ্যায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। বন্ধুসভা কাতারের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে এবং দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে বন্ধুসভার সদস্যরা কাতারের বিভিন্ন অঞ্চল থেকে এসে সমবেত হন।
অনুষ্ঠানে বন্ধুসভার উপদেষ্টা আবজল আহমেদ ও বুরহান উদ্দিন শুভেচ্ছা বক্তব্য দেন। তাঁরা বিগত ছয় বছরে কাতারে সংগঠনের কার্যক্রম, সদস্যদের মধ্যে বন্ধুত্বের বন্ধন সুদৃঢ়করণ এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের বিষয়গুলো তুলে ধরেন। যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায় স্বাগত বক্তব্যে সংগঠনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সানি ও নতুন বন্ধু হাবিব তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানকে উপজীব্য করে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কাতার বন্ধুসভার কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে তৈরি করা নিজস্ব ওয়েবসাইটটি উদ্বোধন করেন উপদেষ্টা আবজল আহমেদ। এই ওয়েবসাইটটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধান উপদেষ্টা তামীম রায়হানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি শাকিল আহমেদ আগত সবাইকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, কাতারে বন্ধুসভার জয়যাত্রা আগামী দিনে আরও বিস্তৃত হবে। অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সক্রিয় সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।