ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চলাকালীন সময়েও ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। নতুন করে হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস ইসরাইলি হামলায় নিহত হয়েছেন বলে সংগঠনটি নিশ্চিত করেছে। ‘আবু মাহমুদ’ নামে পরিচিত এই কমান্ডার এর আগে নিহত নায়েল আবু ওবেইদের স্থলাভিষিক্ত হয়েছিলেন। ‘আবু আতিয়া’ নামে পরিচিত নায়েল আবু ওবেইদ ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে নিহত হন।

সামির আবু ইউনুসকে লক্ষ্য করে হামলার কয়েকদিন আগেই গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে এক ভয়াবহ হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, সেই হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া অন্যান্য যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ওই ঘটনায় একজন চিকিৎসক ও একটি শিশুসহ মোট ছয়জন সাধারণ নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামাস এই হামলাকে তীব্র নিন্দা জানিয়ে সরাসরি ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটির ভাষ্যমতে, হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার দাবিটি আসলে বেসামরিক চিকিৎসাকেন্দ্রে চালানো যুদ্ধাপরাধ ধামাচাপা দেওয়ার একটি নির্লজ্জ চেষ্টা। আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতালগুলো সুরক্ষিত থাকলেও ইসরাইলি বাহিনীর এমন আচরণ উদ্বেগজনক বলে জানায় তারা।

এর আগেও দখলদার বাহিনীর এমন কর্মকাণ্ড বন্ধে মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল হামাস। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বর্তমান তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর নিরবচ্ছিন্ন হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।