সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে করা যৌথ প্রতিরক্ষা চুক্তির যাবতীয় আইনগত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে তুরস্ক। গত শনিবার দেশটির সরকারি গেজেটে এ সংক্রান্ত আইন প্রকাশের মাধ্যমে প্রক্রিয়াটির ইতি টানা হয়। গত ১৩ নভেম্বর জারি করা এই আইনটি গেজেটে প্রকাশের সাথে সাথেই কার্যকর হয়েছে। এর আগে গত ৫ নভেম্বরে তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদন লাভ করে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই চুক্তির মূল লক্ষ্য হলো তিন দেশের মধ্যে সামরিক সমন্বয় বাড়ানো, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। এটি বাস্তবায়িত হলে দেশগুলোর নিরাপত্তা সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার পারদ বাড়ার এই সময়ে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের এমন প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক ভূ-রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে চুক্তিটি পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। এ জন্য যৌথ কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির সচিবালয়ে চূড়ান্ত অনুমোদনের দলিল জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সংশ্লিষ্ট দেশগুলোকে।