জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতিকে দেওয়া মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার সব ধরনের আইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শনিবার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি ধাপগুলো সম্পন্ন করেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনাকে কোনো আইনি সুযোগ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী স্পষ্ট করেন যে, তিনি কেবল প্রচলিত আইনি প্রক্রিয়ার সুযোগেই বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।
এক্সট্রাডিশন চুক্তির মাধ্যমে তাকে হস্তান্তরের প্রক্রিয়াটিও পুরোপুরি আইনগত কাঠামোর অন্তর্ভুক্ত বলে জানান তিনি। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, আমাদের দিক থেকে প্রয়োজনীয় আইনি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এখন ভারতের পদক্ষেপ তাদের নিজস্ব বিষয়। এখন উনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়।”।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগে বিলম্ব মার্জনার কোনো আইনগত সুযোগ নেই বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিশেষ আইনে এ ধরনের বিলম্ব কন্ডন করার কোনো বিধান রাখা হয়নি এবং যারা আইন তৈরি করেছিলেন, তারাই এই সীমাবদ্ধতা রেখে গেছেন। সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদের কথা উল্লেখ করে তিনি জানান, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা যে সংশোধনী এনেছিলেন, তাতে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারেন না।
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে আসাদুজ্জামান বলেন, সরকার তদন্ত বা প্রসিকিউশন প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না; বরং তারা স্বাধীনভাবে তাদের কার্যক্রম এগিয়ে নেবে। ভারত সরকার শেখ হাসিনাকে অন্য কোনো দেশে পাঠাতে পারে কি না, সে বিষয়ে তিনি সরাসরি মন্তব্য না করে বলেন, এটি তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। এছাড়া সাক্ষী সুরক্ষার বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে বলেও জানান মন্ত্রী।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রদান করে। এর আগে বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালেও দিল্লি থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ২০২৪ সালের ৫ অগাস্ট ভারতে চলে যান।