সৌদি আরবের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিশ্রুতি অনুসারে দ্রুত সেনা ও সামরিক সক্ষমতা পাঠাতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। সংবাদমাধ্যম আশারক আল-আওসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, সৌদি আরবের নিরাপত্তায় ইসলামাবাদের অঙ্গীকার সম্পূর্ণ ও আপসহীন। দ্বিপক্ষীয় কৌশলগত প্রতিরক্ষা চুক্তি ও মক্কা জোটের আওতায় রিয়াদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত পাকিস্তান।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, পাকিস্তানি সেনারা বর্তমানে সৌদি আরবে মোতায়েন রয়েছে এবং তারা প্রশিক্ষণ, সামরিক মহড়া ও প্রতিরক্ষা সহায়তামূলক দায়িত্ব পালন করছে। প্রয়োজন অনুযায়ী সেনা, সরঞ্জাম, রসদ ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা অব্যাহত রাখা হবে। কৌশলগত সুরক্ষার অংশ হিসেবে যৌথ সামরিক প্রস্তুতি বাড়ানো, গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানের পরিকল্পনা থাকলেও সেনা সংখ্যা বা নির্দিষ্ট এলাকা সংক্রান্ত গোপনীয় তথ্য প্রকাশ করা হবে না। তবে সেনাসংখ্যা, মোতায়েনের স্থান কিংবা অভিযানসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলে জানান তিনি।

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, শহর এবং অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামোয় সাম্প্রতিক হামলার কড়া সমালোচনা করেন এই সামরিক কর্মকর্তা। তিনি বলেন, এসব আগ্রাসন দেশটির নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। পাকিস্তান সৌদি আরব ও পবিত্র দুই মসজিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়। একই সঙ্গে তা আঞ্চলিক স্থিতিশীলতা ও বেসামরিক মানুষের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে।

গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানের অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে তিনি জানান, আঞ্চলিক উত্তেজনা হ্রাস ও পারস্পরিক সহযোগিতা বাড়াতেই এই আলোচনা হয়। এতে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির উপস্থিত ছিলেন এবং সংলাপে যুক্ত থাকার বিষয়ে প্রতিনিধিরা একমত হন। আলোচনায় চার দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হন অংশগ্রহণকারীরা।

মুখপাত্র আরও ব্যাখ্যা করেন, সৌদি-পাকিস্তান দ্বিপক্ষীয় চুক্তি এবং সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত মক্কা যৌথ প্রতিরক্ষা জোট দুটি ভিন্ন কাঠামো। দ্বিপক্ষীয় চুক্তিটি ঐতিহাসিক সম্পর্কের ভিত্তি হলেও ত্রিপক্ষীয় জোটে সম্মিলিত সুরক্ষার কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। উভয় প্রক্রিয়াই সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এগুলো অন্য কোনো দেশের বিরুদ্ধে আক্রমণের উদ্দেশ্যে গঠিত হয়নি।