খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় আলুটিলা পুনর্বাসন পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন মাটিরাঙা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, ইউনিয়ন বিএনপির সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা। তাদের মধ্যে প্রবীন্দ্র ও সুমন ত্রিপুরাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার জানান, শুক্রবার সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতাকর্মী পুনর্বাসন এলাকার একটি স্কুলের সামনে অবস্থান করছিলেন। সে সময় আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ জনের একটি দল অতর্কিতভাবে তাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। অন্ধকারে হামলাকারীদের স্পষ্টভাবে শনাক্ত করা না গেলেও, বিএনপির পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এ সময় আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ জনের একটি দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। আহতরা জানান, ঘটনার সময় এলাকায় অন্ধকার থাকায় হামলাকারীদের কাউকে তারা স্পষ্টভাবে শনাক্ত করতে পারেননি।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, হামলার ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে অন্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।