সংগীতশিল্পী এবং জনপ্রিয় ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বজনদের পক্ষ থেকে তার ভাতিজা সাকির হাসান জামী বিষয়টি নিশ্চিত করেছেন। তার প্রতিষ্ঠিত ‘গাছ’ ব্যান্ডের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পান এই শিল্পী।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের নানা সমস্যা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ অক্টোবর হাসপাতালে ভর্তি হন এই শিল্পী। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে গত বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান। রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নব্বইয়ের দশক থেকে গান নিয়ে কাজ করা শেখ সাহেদ আলী সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন। ১৯৯১ সালে প্রকাশিত তার প্রথম অ্যালবাম ‘প্রভু’-র পর আরও পাঁচটি অ্যালবাম বাজারে আসে। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

দীর্ঘ ১১ বছর ধরে সংগীত সাধনা করে নতুন ২৪টি গান তৈরি করেছিলেন সাহেদ আলী। পরিকল্পনা অনুযায়ী গত ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ডে এসব গান প্রকাশের কথা ছিল। তবে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ার কারণে সেই বিশেষ আয়োজনটি আর সম্পন্ন করা সম্ভব হয়নি।