১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে পাঠানো হয়েছিল রাজিব উদ্দিনকে। সেখানেই তিনি বড় হয়ে ওঠেন। বর্তমানে ৪৯ বছর বয়সী রাজিব তার জন্মভূমির শেকড় এবং বাবা-মাকে খুঁজে পাওয়ার আশায় গত ছয় বছর ধরে বাংলাদেশে বারবার আসছেন। নিজের পরিচয় খোঁজার এই দীর্ঘ যাত্রায় তার সঙ্গী হয়েছেন বন্ধু সেলিনা গোমেজ। তিনিও নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে এসেছেন নিজের পরিবারকে খুঁজে বের করার লক্ষ্য নিয়ে। রাজিব পেশায় একজন সমাজকর্মী এবং তিনি বিগত ছয়বার বাংলাদেশে এসে নিজ মা-বাবাকে খুঁজেছেন।
রাজিবের পাসপোর্টের তথ্যানুযায়ী তার জন্ম ১৯৭৭ সালে। তার বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি এবং দাদার নাম রহিম উদ্দিন। তার অস্থায়ী ঠিকানা হিসেবে ‘বেবী হোমস্, ঢাকা’ উল্লেখ রয়েছে। এর আগে বিভিন্ন গ্রামে খোঁজ নিতে গিয়ে তিনি এমন মানুষের দেখা পেয়েছেন, যারা বাবা হওয়ার দাবি করলেও ডিএনএ পরীক্ষায় তার কোনো সত্যতা পাওয়া যায়নি। অন্যদিকে, সেলিনার পাসপোর্টে জন্মস্থানের ঠিকানা কক্সবাজার হিসেবে উল্লেখ রয়েছে। গত তিন দফায় সেলিনা সেখানে গিয়েও অনুসন্ধানে নেমেছিলেন, তবে এখনো প্রকৃত বাবা-মায়ের সন্ধান পাননি। রাজিব আরও বলেন, এর আগে আমি অন্য একটি গ্রামে গিয়ে খোঁজ নেওয়ার সময় এক ব্যক্তি দাবি করেছিলেন যে তিনিই আমার বাবা।
নিজের অভিজ্ঞতা জানিয়ে রাজিব বলেন, নেদারল্যান্ডসে তার সবকিছু থাকা সত্ত্বেও তিনি সেখানে নিজেকে একজন প্রবাসী বা বিদেশি মনে করেন। আয়নার সামনে দাঁড়ালে মনে যে গভীর শূন্যতা তৈরি হয়, তা মেটাতেই তিনি নিজের শেকড় খুঁজছেন। তিনি জানতে চান, তার চেহারা কার মতো হয়েছে। একই সুর সেলিনার কণ্ঠেও। তিনি জানান, লালনপালনকারীরা তাকে অনেক ভালোবাসলেও নিজের আসল পরিচয় জানার আকাঙ্ক্ষা তার চিরন্তন। রাজিব বা সেলিনা—যার পরিবারই খুঁজে পাওয়া যাক, সেটাই হবে তাদের জীবনের বড় প্রাপ্তি। কিন্তু যখনই আয়নার সামনে গিয়ে দাঁড়াই, তখন মনে ভীষণ শূন্যতা কাজ করে।
সম্প্রতি কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে রাজিব তার পাসপোর্টে থাকা ‘পেয়ারাকান্দি’ গ্রামের বিষয়ে তথ্য জানতে চান। অনুসন্ধানে দেখা যায়, ওই গ্রামটি একসময় কুমিল্লা জেলায় থাকলেও ১৯৮৬ সালে সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশ হয়ে যায়। এই জটিলতার বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, তারা রাজিবের কাগজপত্র ও পাসপোর্ট যাচাই করে দেখেছেন। তথ্য অনুযায়ী এলাকাটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি গ্রাম হিসেবে শনাক্ত হয়েছে।
এ বিষয়ে নবীনগরের ইউএনও-এর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। যদি সেই ঠিকানাই সঠিক হয়, তবে রাজিব সেখানে গিয়ে বিস্তারিত অনুসন্ধান চালাতে পারবেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
বর্তমানে রাজিব ও সেলিনা তাদের গাইড হিসেবে নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মো. ওমরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় করে নিজেদের পরিবারের সদস্যদের খুঁজতে বিভিন্ন এলাকায় ছুটছেন।