জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে তিনি জানান, ঘটনাটি নিয়ে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১২ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে অবস্থিত ওই টিনশেড আধা-পাকা বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাড়িটিতে কেউ নিয়মিত বসবাস করতেন না; সেখানে শুধু কিছু আসবাবপত্র, জুতা তৈরির সরঞ্জাম এবং দুটি ছাগল ছিল। ওই বাড়ি থেকে ২০ মিটার দূরেই সংসদ সদস্যের বাবা-মা থাকেন। খবর পাওয়ার পর পার্শ্ববর্তী থানার সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার খবর পাওয়ার পরপরই প্রশাসন ব্যবস্থা নেয় জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ছাগল মারা গেছে।

তদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরে মন্ত্রী বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত বা শব্দ পাওয়ার তথ্য পাওয়া যায়নি। ছবি ও আলামত বিশ্লেষণে বাড়িটি পুরোনো হওয়া এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ঘটনার বিস্তারিত জানতে পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়া এবং বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সালাউদ্দিন আহমদ আরও জানান, এসপি, অতিরিক্ত পুলিশ সুপার, ওসিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, তদন্তে কোনো নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি সরকারের জন্য উদ্বেগের এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সালাউদ্দিন আহমদ বলেন, ঘটনার পেছনে কারও নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা থাকলে অধিকতর তদন্তে তা প্রমাণিত হওয়ার পর কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।