ইরাকের সাবেক সংসদ সদস্য (এমপি) আহমেদ আল-আলওয়ানির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার ও হস্তান্তরের জন্য সিরিয়ার প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে লেবানন সরকার। চলতি সপ্তাহের শুরুর দিকে বৈরুতের একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধারের পর এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও এই অপরাধের সুনির্দিষ্ট কারণ এবং জড়িতদের পরিচয় এখনো স্পষ্ট নয়। তবে হত্যার পেছনের কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লেবাননের বিচার বিভাগীয় একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, দেশটির পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের তদন্তকারীরা দামেস্কের কাছে দুই সিরীয় নাগরিককে খুঁজে বের করে হস্তান্তরের জন্য আবেদন জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা আল-আলওয়ানির মৃত্যুর ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত। একই সাথে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে একজন লেবানিজ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, প্রধান কৌঁসুলি বিচারক আহমেদ রামি আল-হাজ্জ ব্যক্তিগতভাবে এই ঘটনার তদন্ত তদারক করছেন। লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তথ্য শাখা এই রহস্য উন্মোচনে কাজ করছে। এর পাশাপাশি বাতরুন পার্বত্য এলাকায় গ্রেপ্তার হওয়া হিজবুল্লাহর পাঁচ সদস্যের বিষয়টিও তাদের নজরদারিতে রয়েছে বলে প্রসিকিউটরের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কয়েকটি সূত্র এএফপিকে জানিয়েছে, প্রাথমিক বিশ্লেষণে আর্থিক লেনদেনের কোনো বিরোধ এই ঘটনার নেপথ্যে থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে তদন্তকারীরা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। মঙ্গলবার সন্ধ্যায় বৈরুতের তারিক আল-জাদিদেহ এলাকার একটি আবাসিক ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইরাকের নিরাপত্তা গণমাধ্যম সেলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাদ মান জানান, তিনি লেবাননের তদন্তের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন। তার তথ্যমতে, গত ৫ নভেম্বর এরবিল বিমানবন্দর থেকে মিডল ইস্ট এয়ারলাইনসের ফ্লাইটে বৈরুতে পৌঁছান আল-আলওয়ানি। সেখানে পৌঁছানোর এক ঘণ্টার মধ্যেই তিনি হোটেলে ওঠেন এবং দ্রুতই বেরিয়ে যান। হোটেলের কর্মীরা জানিয়েছেন, তার সাথে থাকা ব্যক্তিরা সিরীয় উচ্চারণে কথা বলছিলেন। আল-আলওয়ানি একটি সাদা রঙের রেঞ্জ রোভার গাড়িতে করে হোটেল ত্যাগ করেছিলেন বলে জানা গেছে। এ সময় তিনি হোটেলের অভ্যর্থনাকর্মীদের জানান, বন্ধুদের সঙ্গে বাইরে যাচ্ছেন।
ইরাকের আনবার প্রদেশের বাসিন্দা আহমেদ আল-আলওয়ানি ২০১২ ও ২০১৩ সালে তৎকালীন শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য পরিচিত ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির নীতির কট্টর সমালোচক ছিলেন তিনি। এছাড়া তিনি ইরাকে ইরানের প্রভাব ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। সমালোচকদের অভিযোগ ছিল, মালিকির সরকার সাম্প্রদায়িক নীতি অনুসরণ করে সুন্নিদের প্রান্তিক করে রেখেছিল।
২০১৩ সালের ডিসেম্বরে রামাদিতে তার বাড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানে তিনি গ্রেপ্তার হন। ওই ঘটনায় তার ভাইসহ কয়েকজন নিহত হয়েছিলেন। পরে ২০১৪ সালে সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দীর্ঘ এক দশক কারাগারে থাকার পর ২০২৫ সালের এপ্রিলে সাধারণ ক্ষমা আইনের আওতায় তিনি মুক্তি পান। পরে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
এই হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি। বুধবার তুরস্কে লেবাননের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন। অন্যদিকে লেবাননে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা আল-হুসেইনি জানিয়েছেন, দূতাবাস পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং লেবাননের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।