বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ ও যুগোপযোগী করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করেছে। এই নতুন নীতিমালার আওতায় ভর্তির বয়সসীমা, আসন সংখ্যা, পরীক্ষার ধরন এবং ফি সংক্রান্ত সুনির্দিষ্ট নিয়মাবলি বেঁধে দেয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসরণ করে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১লা জানুয়ারি তারিখে ৬ থেকে ৭ বছরের নিচে হতে হবে। অর্থাৎ, যাদের জন্ম ১লা জানুয়ারি ২০২০ থেকে ৩১শে ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে, কেবল তারাই আবেদনের যোগ্য বিবেচিত হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ ৫ বছরের শিথিলতা রাখা হয়েছে। শিক্ষাবর্ষ ১লা জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে এবং প্রতিটি শ্রেণির প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। শিক্ষার্থীদের বয়স এবং শিক্ষাবর্ষ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১লা জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি এবং অবশ্যই ৭ বছরের কম হতে হবে (জন্ম তারিখ ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২০ পর্যন্ত)।

ভর্তি প্রক্রিয়ায় প্রথম শ্রেণির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন বাধ্যতামূলক করা হয়েছে এবং একই সঙ্গে সমসংখ্যক অপেক্ষমান তালিকাও সংরক্ষণ করতে হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে মেধা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা নিতে হবে। পরীক্ষার মানবণ্টন অনুযায়ী, দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ৫০ নম্বরের পরীক্ষায় বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং গণিত ২০ নম্বর থাকবে, যার সময়সীমা হবে ১ ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির জন্য ১০০ নম্বরের পূর্ণমান নির্ধারণ করা হয়েছে, যেখানে বাংলা ও ইংরেজি থেকে ৩০ নম্বর করে এবং গণিত থেকে ৪০ নম্বর থাকবে, যার সময়সীমা হবে ২ ঘণ্টা।

আবেদন ফরমের মূল্য ও ভর্তি ফির ক্ষেত্রেও কঠোর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। প্রথম শ্রেণির আবেদনের জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য ২৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ফরম বিতরণের জন্য কমপক্ষে ৭ কার্যদিবস সময় দিতে হবে। ভর্তি ও সেশন চার্জসহ সর্বসাকুল্যে ফি এলাকাভেদে ভিন্ন হবে। মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর উপজেলা এলাকায় ১,০০০ টাকা, পৌর জেলা সদর এলাকায় ২,০০০ টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩,০০০ টাকার বেশি ফি নেয়া যাবে না। ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৫,০০০ টাকা, এবং আংশিক এমপিও বা এমপিও বহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে ৮,০০০ টাকা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০,০০০ টাকা (উন্নয়ন ফি ৩,০০০ টাকাসহ) নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫%, বিশেষ চাহিদাসম্পন্ন ২%, এতিমখানায় বসবাসরত শিশুদের জন্য ১%, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সন্তানদের জন্য ২%, সহোদরদের জন্য ৩% এবং যমজ ভাই-বোনের জন্য ২% আসন সংরক্ষিত রাখা হয়েছে।