জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। প্রধানমন্ত্রীর এই সফর আগামী ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে। তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় শুরু হওয়া এই সম্মেলন আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। আনতালিয়া এক্সপো সেন্টারে আয়োজিত এই বৈশ্বিক সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী অংশ নেবেন এবং দুটি ভিন্ন পর্বে বক্তব্য রাখবেন। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণলায়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তৈয়্যব এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও তার একাধিক বৈঠকের পরিকল্পনা রয়েছে। এবারের জলবায়ু সম্মেলনে বাংলাদেশ পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে উন্নত দেশগুলোর কাছ থেকে সহজলভ্য আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা পাওয়ার দাবি তোলা হবে।
বিশ্ব জলবায়ু কূটনীতির সবচেয়ে বড় এই মঞ্চটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন বা ইউএনএফসিসিসি-এর অধীনে পরিচালিত হয়। এবারের সম্মেলনে মূলত ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মিথেন গ্যাসের নিঃসরণ কমিয়ে আনা, ভবন নির্মাণ খাতে জ্বালানি ব্যবহার ২৫ শতাংশ হ্রাস করা এবং প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানোর মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।