তুরস্কের আন্তালিয়ায় সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ ও তুরস্কের কূটনৈতিক সম্পর্ককে এক নতুন কৌশলগত উচ্চতায় নিয়ে গেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, এই বৈঠক দুই দেশের পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। মঙ্গলবার রাতে আন্তালিয়ার পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। ইস্তাম্বুলে যাত্রাবিরতিকালে প্রেসিডেন্ট এরদোয়ানের বিশেষ আতিথেয়তায় প্রধানমন্ত্রীকে ভিভিআইপি স্টেট গেস্ট হাউসে স্বাগত জানানো হয়। পরে আন্তালিয়ায় পৌঁছালে দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান করেন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে হয়েছে উল্লেখ করে হুমায়ুন কবীর বলেন, প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান বন্ধু ও ভাই’ হিসেবে সম্বোধন করেছেন। তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে তুরস্কের বিশেষ আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে যে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে, এটি তারই প্রতিফলন বলে তিনি মনে করেন। গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহও বাড়ছে।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জ্বালানি, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ে তোলা এবং যৌথ বিনিয়োগের সম্ভাব্যতা নিয়ে উভয় পক্ষ ইতিবাচক আলোচনা করেছে। তবে এটি এখনও প্রাথমিক অনুসন্ধান পর্যায়ে রয়েছে এবং কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।

জ্বালানি খাতে গভীর সমুদ্রে খনিজ অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ এসব ক্ষেত্রে দীর্ঘমেয়াদী শক্তিশালী অংশীদারত্ব চায়। এর পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসন নিয়েও দুই নেতা কথা বলেছেন। বিশেষ করে আইসিজে-তে রোহিঙ্গা ইস্যুতে সাম্প্রতিক শুনানির পর যৌথ কার্যক্রম কীভাবে আরও গতিশীল করা যায়, তা নিয়ে মতবিনিময় হয়েছে। তিনি আরও বলেন, নিজ দেশে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর নেতৃত্ব দিতে বদ্ধপরিকর। কপ-৩১ সম্মেলনে অভিযোজন, অর্থায়ন ও ক্ষয়ক্ষতি নিরসনে বাংলাদেশ তার অবস্থান জোরালোভাবে তুলে ধরবে। সম্মেলনে উপস্থিত অল্প কয়েকজন নির্বাচিত রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ানের এই দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রেও বাংলাদেশ বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখতে চায়।বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ নয়, বরং এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং জলবায়ু।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট এরদোয়ান ও তাঁর সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, যার মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ এবং প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।